সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তির আবেদন শুরু হবে ২০ মার্চ, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা হবে ২২ এপ্রিল। ৯ মার্চ বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এ কে এম আহসান হাবীবের সই করা বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মার্চ দুপুর ১২টা থেকে ডেন্টালে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ জন্য ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

ভর্তির যোগ্যতা: এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।
সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে ধরে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে এসএসসিতে পাওয়া জিপিএর জন্য ৭৫ নম্বর এবং এইচএসসিতে পাওয়া জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
নম্বর বণ্টন: ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। ১ ঘণ্টার পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ১।




