সংবাদপত্রের সম্পাদকদের প্রতিষ্ঠান সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফের সভাপতি হয়েছেন মাহফুজ আনাম এবং নতুন সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান হানিফ মাহমুদ। ৭ মার্চ সোমবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্পাদক পরিষদের ২ বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
ঘোষিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। পাশাপাশি কার্যনির্বাহী কমিটিতে থাকা ৫ সদস্য হলেন আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।
কমিটি গঠন উপলক্ষে সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ৬ মার্চ রবিবার ডেইলি স্টার ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ওই সভায় নতুন সদস্য হিসেবে আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান ও সহযোগী সদস্য হিসেবে সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিকে অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন দেয়া হয়।
সভায় অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, ইনকিলাব সম্পাদক এএইচএম বাহাউদ্দিন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা টিব্রিউন সম্পাদক জাফর সোবহান এবং সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। সভায় উপস্থিতির পাশাপাশি ভার্চুয়ালিও সংযুক্ত ছিলেন সদস্যরা।




