ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া মিলান-২০২২-এ অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ মঙ্গলবার মোংলা নৌ জেটি ত্যাগ করেছে। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম অনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা, জাহাজটিতে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, জাহাজটি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ মহড়ায় অংশ নেবে।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূইঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌসদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করছে।

অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যূতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য। মহড়া শেষে জাহাজটি আগামী ৬ মার্চ দেশে ফিরবে।






























