শেরপুরের শ্রীবরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। ওইসময় উপজেলা প্রশাসন, শ্রীবরদী থানা, উপজেলা আওয়ামী লীগ, শ্রীবরদী প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একইদিন সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে দিবসটি গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




