শেরপুরে ফুফাতো বোনের বাসা থেকে মোছা. ফাতেমা আক্তার (৩৭) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে শহরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকায় বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফাতেমা আক্তার শহরের মীরগঞ্জ মহল্লার মো. রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোছা. ফাতেমা আক্তার তার বাবার বাড়ি নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া মহল্লায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী রফিকুল ইসলাম প্রথম স্ত্রী নিয়ে শেরপুর শহরের মীরগঞ্জ এলাকায় থাকেন। কয়েকদিন আগে ফাতেমা তার স্বামী রফিকুল ইসলামের সাথে দেখা করার জন্য শেরপুর শহরের বাগরাকসা এলাকাস্থ তার ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া বাসায় উঠেন। এরই মধ্যে তার স্বামী রফিকুল ওই বাসায় গিয়ে বাচ্চাদের পোশাক ক্রয়সহ কিছু নগদ টাকা ফাতেমার কাছে দেন।
শুক্রবার রাতের কোন একসময় তার শয়ন কক্ষে ফাতেমার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে ওই বাসা থেকে ফাতেমার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নারীর উচ্চ রক্তচাপ ছিল। এর আগে তিনি দুইবার স্ট্রোকও করেছেন। এরপরও খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




