শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের ঘরের নির্মান কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার হোসেন। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের ঘরের নির্মান কাজ পরদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম পর্যায়ে এ উপজেলায় ৫৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে আরও ৪২টি পরিবারকে এসব ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৩০টি ঘরের কাজ চলছে। ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

প্রতিটি ঘরে থাকবে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। সুবিধাভোগীদের এসব ঘরসহ জমি কবুলিয়াত করে দেয়া হবে। প্রতিটি পরিবার এতে ঘরসহ গড়ে প্রায় ২ শতাংশ জমি পাবে।




