শেরপুরের ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ১০০ বোতল বিদেশি মদসহ মো. আব্দুল আজিজ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৩০ জানুয়ারি রবিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা।

আব্দুল আজিজ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের মো. জুলফিকার আলীর ছেলে। সোমবার সকালে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া মোড় এলাকার সোনার বাংলা ষ্টোরের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ১০০ বোতল বিদেশি মদসহ আব্দুল আজিজকে আটক করে র্যাব।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক আব্দুল আজিজের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় আটক আব্দুল আজিজের বিরুদ্ধে র্যাবের তরফ থেকে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




