শেরপুরে কবিসংঘ বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র কার্যালয়ে আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

ওইসময় তিনি বলেন, কবি-সাহিত্যিকদের লেখনীতেই মানুষের সুখ-দুঃখের চিত্র ফুটে উঠে। তাদের লেখনীতেই ওঠে আসে মানুষের বাস্তব জীবনের কথা, চেতনার কথা। তারা নিজেদের লেখনীতে ব্যস্ত থাকার পরও আর্তমানবতার সেবায় তাদের হাত বাড়ানোর বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়।
কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, কবি-সাহিত্যিকরা কেবল প্রেম-বিরহের কথাই বলেন না, তারা লেখনীতে আদর্শিক চেতনা নিয়েও যুদ্ধ করেন ও প্রতিবাদ করেন। ৭৫ পটপরবর্তী দুঃসময়েও তাদের লেখায় প্রতিবাদের ভাষা ওঠে এসেছে।

সভাপতির বক্তব্যে কবি তালাত মাহমুদ শীতার্ত মানুষের সেবায় কবিসংঘের উদ্যোগে সাড়া দেওয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কবি-সাহিত্যিকরা আর্থিকভাবে স্বাবলম্বী না হলেও নানা দুর্যোগ-দুঃসময়ে সম্পদশালীদের মতো তারাও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কবিসংঘের তরফ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। ওইসময় সংগঠনের অন্যতম নেতা কবি নুরুল ইসলাম মনি ও কবি হাফিজুর রহমান লাভলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।




