পুলিশ বাহিনীর সদস্যদের জনবান্ধব পুলিশিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জানুয়ারি রবিবার সকালে পুলিশ সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) দেওয়া বক্তব্যে ওই নির্দেশ দেন তিনি। রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমার বিশ্বাস জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহসী ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদের পদক পরিয়ে দেন। ওইসময় পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




