শেরপুরে ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’র উদ্বোধন
শেরপুরে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস জানতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। এজন্য বই পড়ার উপর অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বইমেলার ক্যুইজ প্রতিযোগিতা সমৃদ্ধ করতে তার তরফ থেকে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহকারী কমিশনার মিজানুর রহমান, এনডিসি ডিএম সাদিক আল শাফিন, হুইপকন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিগণ বইমেলার স্টলগুলো পরিদর্শন করেন।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ওই বইমেলায় মোট ১২টি স্টল বসেছে। ৪ দিনব্যাপী ওই বইমেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট দেড় লক্ষ টাকার ভাউচার পুরস্কার থাকবে, যা দিয়ে ক্যুইজের বিজয়ীরা মেলা থেকেই বই কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। আগামী ২ জানুয়ারি বইমেলা শেষ হবে।




