শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক আদিবাসী গৃহবধূকে অপহরণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ২৭ ডিসেম্বর সোমবার মধ্যরাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম মায়াঘাসি এলাকার ছমেদ আলীর ছেলে।

জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম মায়াঘাঁষি এলাকার গারো আদিবাসী মাইকেল হাউই এর বিবাহিতা কন্যা জেনিয়া চাম্বুগংকে (২২) প্রায় এক মাস যাবত বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিবাহিত ওই গৃহবধূর পরিবার এ নিয়ে শফিকুলকে বাঁধা দিলে শফিকুল আদিবাসী পরিবারকে নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতো। একপর্যায়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মায়াঘাঁষি এলাকার একটি শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শফিকুল ইসলাম ও ৪/৫ জন যুবক মিলে গৃহবধু জেনিয়া চাম্বুগংকে মায়াঘাসি পাহাড়ের জঙ্গলে দিকে নিয়ে যেতে চায়।
ওইসময় ওই আদিবাসী গৃহবধুর ভাই বানার্ড দিও বাঁধা দিতে গেলে শফিকুল তার উপর চড়াও হয়। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে শফিকুলকে আটক করে।

ওই ঘটনায় স্থানীয় যুবক পলাশ সাংমা ৯৯৯ নম্বরে ফোন দিলে থানা পুলিশ শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ২৮ ডিসেম্বর মঙ্গলবার জেনিয়া চাম্বুগং এর পরিবার নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।









