শেরপুরের ঝিনাইগাতীতে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির উদ্দিন (৫০) নামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের এক শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। ছবির উদ্দিন উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের মৃত আরব আলী দেওয়ানীর ছেলে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রবিবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাদ্রাসায় প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৭টার দিকে ছুটি দেওয়া হয়। ওইসময় শিক্ষক ছবির উদ্দিন এক ছাত্রীকে মাদ্রাসার চটগুলো গুছিয়ে রেখে যেতে বলে। সকল শিক্ষার্থী চলে যাওয়ার পর ওই ছাত্রী চট গুছাতে থাকে।
ওইসময় শিক্ষক ছবির উদ্দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই ছাত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই ছাত্রীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় সে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ওই ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




