শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির নেতাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী।

৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় হাতিবান্ধা ইউনিয়নের তেতুলতলা বাজারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন মো. আসলাম, মো. ফছিউর রহমান, আলহাজ্ব মো. আব্দুল গণি, মো. রফিকুল ইসলাম ও মো. ইমরান সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা তাদের বক্তব্যে বলেন, হাতিবান্ধা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে যাকে নৌকার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, সেই ওবায়দুল ইসলাম একজন বিএনপির নেতা। তিনি হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের বর্তমান কমিটির ২১ নং সদস্য। তিনি এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলের ত্যাগী নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সে কোনদিন আওয়ামী লীগ করেনি। সে বিএনপির নেতা হয়ে কিভাবে আওয়ামী লীগের মনোনয়ন পান তা আমাদের বোধগম্য নয়। কাজেই তার মনোনয়ন বাতিল করে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাদের মধ্য থেকে একজনকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য কেন্দ্রের কাছে ত্যাগী নেতা-কর্মীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা মনোনয়ন না পেয়ে আমার বিরুদ্ধে এসব কথা বলছেন। আমি কোনোদিন বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিলাম না।




