সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে স্বপদে রেখে কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষাকার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৮ নবেম্বর রবিবার একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে দেওয়া বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এতে স্বাক্ষর করেছেন ২১ নবেম্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন স্বাক্ষরিতেএই আদেশটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের নোটিশ বোর্ডে লাগানো হয়। ওই অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষাকার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা নেওয়াসহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে বলা হয়েছে।

এ বছরের ২৬ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের তৎকালীন চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। ওই ঘটনায় ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।




















