শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান লেবু আর নেই। তিনি ১২ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার হাতিবান্ধা গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
শনিবার বেলা আড়াইটায় তার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।

এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান লেবুর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান লেবু প্রমুখ।




