শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত: ১০ জন । ৮ নভেম্বর সোমবার রাতে স্থানীয় নাজিরাবাগ বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে চরশেরপুর ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের সদস্য প্রার্থী মো. রজব আলী নাজিরাবাগ বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকের সদস্য প্রার্থী জিকির আলী মোহরের লোকজন তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওইসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন রজব আলীর সর্মথক হারুন অর রশীদ। এছাড়া শাকিল, শান্ত, মহিজলসহ আরও অন্তত: ৭ জন আহত হয়। অপরদিকে জিকির আলী মোহরের বাবা আখতার আলী ও সমর্থক আমীর হামজাও আহত হয়েছেন।
সদস্য প্রার্থী রজব আলী বলেন, আমি নাজিরাবাগ বাজারে নির্বাচনি প্রচারণায় গেলে আমার প্রতিপক্ষ জিকির আলী মোহরের নেতৃত্বে সমর্থকরা আমাদের ওপর হামলা করে। ওইসময় আমার ১০-১২ জন কর্মী আহত হয়েছে। পরে পুলিশ প্রশাসনকে জানালে তারা এসে পরিস্থিতি শান্ত করে। আমরা এ ঘটনায় ১২/১৩ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

অপরদিকে জিকির আলী মোহর বলেন, তারা একটি ফলের দোকানদারের সাথে খারাপ আচরণ করায় গন্ডগোল হয়েছে। নির্বাচন নিয়ে কোন মারামারি হয়নি। আমি ঘটনাস্থলে ছিলাম না, পরে এসেছি। প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িঘরেও হামলা করেছে।
শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন বলেন, চরশেরপুর এলাকা থেকে ৬ জন আহত রোগীকে হাসপাতালে ভর্তির পর ২ জনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ বলেন, চরশেরপুর ইউনিয়নের ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।




