‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর সোমবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

সভায় বক্তারা বেকার যুবকদের প্রশিক্ষণ কোর্স বৃদ্ধি করা সহ নানা পরামর্শ দেন। পরে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বিকেলে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।




