শেরপুরের নালিতাবাড়ীতে ৩০ বোতল বিদেশি মদসহ আমীর হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাকুমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বুধবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি দল নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পরে সেখানে মাদক বিক্রিকালে ডিবির উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ক্রেতা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী মাদক ব্যবসায়ী আমীর হোসেনকে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। এর মধ্যে ‘রয়েল স্টেজ’ ২৪ বোতল মদের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা ও ’সিগনেচার’ ৬ বোতল মদের দাম ২৪ হাজার টাকা।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ওই ঘটনায় ডিবির এসআই আজিজুল হাসান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন।









