শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরি নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে জহির উদ্দিন ওরফে জহর (৭৩) নামে এক বৃদ্ধ কৃষক। ৩ অক্টোবর রবিবার রাতে উপজেলার খারামোরা এলাকার সোমেশ্বরি নদীতে ওই ঘটনা ঘটে। জহির উদ্দিন স্থানীয় মৃত ছায়েদ আলীর ছেলে। সোমবার দুপুর পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। ওই তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ জহরের ছোট ভাই মোহসিন আলী।

জানা যায়, রবিবার শ্রীবরদী উপজেলার খারামোরা এলাকার বাড়ি থেকে সোমেশ্বরি নদী পার হয়ে ধান ক্ষেতে যায় জহির উদ্দিন। কিন্তু রাত হয়ে গেলেও সে আর ফিরে আসেনি। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে ধান ক্ষেতে না পেয়ে নদীতে খুঁজতে থাকে।
নিখোঁজের ভাই মোহসিন আলী জানান, রবিবার সন্ধ্যায় সোমেশ্বরি নদীর ওপারে ধান ক্ষেত পাহারা দিতে যায় জহির উদ্দিন। রাতে তার পরিবারের লোকজন খাবার দিয়ে চলে আসে। পরে সোমবার সকালে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে। ওইসময় নদীতে তার গামছা ও খাবারের থালা-বাটি পড়ে থাকতে দেখে। তাদের ধারণা, নদী পার হয়ে বাড়ি ফেরার সময় পাহাড়ি ঢলের স্রোতে হয়তো সে ভেসে গেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, কৃষক নিখোঁজের খবর পেয়েছি। ওই এলাকায় মাইকিং করা হচ্ছে।




