শেরপুরের নালিতাবাড়ীতে মায়ের সাথে অভিমান করে রাজিয়া (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের খানারপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। রাজিয়া স্থানীয় দিনমজুর আব্বাছ আলীর কন্যা এবং পার্শ্ববর্তী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, মঙ্গলবার সকালে রাজিয়া স্কুলে যাবার সময় তার মায়ের কাছে ৫টি টাকা চায়। কিন্তু রাজিয়ার মা ঘরে টাকা নেই বলে না দিয়ে তাকে বকুনি দিয়ে স্কুলে যেতে বলে পাশের বাড়ি চলে যান। পরে অভিমান করে সবার অজান্তে ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রাজিয়া। কিছুক্ষণ পর মা ও তার ভাই ঘরে ঢুকে রাজিয়াকে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই রাজিয়া মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, পরিবারের আপত্তি না থাকায় যথাযথ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।









