‘গ্রামের মাঝে শহরের ছোঁয়া, সবই হলো আপনাদের দোয়া। আধারেতে ঝরে যেত কত শাখা-কুল, আলোর পরশ পেয়ে ফুটবে আবার ফুল’ এমন স্লোগানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উপশহর নন্নী বাজারে আলোকিত নন্নী প্রকল্পের রোড লাইট উদ্বোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নন্নী ইউনিয়ন পরিষদ ভবনে সুইচ টিপে ওই প্রকল্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন।
জানা যায়, নন্নী ইউপির নিজস্ব অর্থায়নে নন্নী বাজারকে আলোকিত করতে ২ লাখ টাকা ব্যয়ে ‘আলোকিত নন্নী’ প্রকল্পের আওতায় দক্ষিণ বাজার পল্লী বিদ্যুত অফিস হতে উত্তর বাজার পর্যন্ত ১০০ ওয়াটের ১৯টি বাল্ব লাগানো হয়। এতে আলোকিত হয়ে উঠে নন্নী বাজার।

ওইসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রফিক, মোফাচ্ছেল হোসেন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহ, শিক্ষক নেছার উদ্দিন, আজাহারুল ইসলাম, শওকত আলী, ইউপি সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, আলোকিত নন্নী ইউনিয়ন গঠনের লক্ষে বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের রাত্রীকালীন চলাচলের সুবিধার জন্য তিনি এই রোড লাইট লাগানোর পরিকল্পনা করেন।









