প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সে মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকেও দেখা গেছে। রবিবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে সাকিব আল হাসান বলেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করতেই সাকিব এ সাক্ষাতে গিয়েছিলেন বলে জানা গেছে। আইপিএল খেলতে সাকিব রোববার রাত ১টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। তার সঙ্গী হবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।
করোনাভাইরাসের কারণে স্থগিত আইপিএলের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। এরপর ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।









