যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-শালিখা উপজেলার শতখালী গ্রামের আনসার সর্দার এর মেয়ে নাজমা খাতুন (৩০), একই উপজেলার দিঘলকান্দি গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী সহিরুন বেগম (৪৫), বাসের হেলপার মামুন। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, যশোর থেকে মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর একটি লোকাল বাস মাগুরার উদ্দেশে রওনা দেয়। পথে বেলা সাড়ে ৩টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ক্রেন দিয়ে বাসটি টেনে তোলে। এ সময় বাসের ভেতর থাকা ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।




