পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। ২৪ আগস্ট মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন কিউইরা। ১৩ জন ক্রিকেটার ও ৭ কর্মকর্তা এসেছেন এই বহরে।

বিমানবন্দরে ইমিগ্রিশনের প্রক্রিয়া সেরে সফরকারী ক্রিকেটাররা চলে যান সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। যেখানে আগে থেকেই রয়েছেন আরও দুই কিউই ক্রিকেটার অ্যালেন ফিন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেট খেলে তারা গত শুক্রবার ঢাকায় এসে পৌঁছে যান।
আগেই জানা অধিনায়ক উইলিয়ামসন, বিশ্বমানের দুই ফাস্ট বোলার টিম সাউদি, ট্রেন্ট বোল্টসহ বিশ্বকাপ টি-টোয়েন্টি স্কোয়াডের কেউ নেই বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে। এর বাইরে, টম ল্যাথামের নেতৃত্বে স্বল্প পরিচিত ও তূলনামুলক অনভিজ্ঞ ক্রিকেটারে গড়া বহর নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল:
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনচি, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।









