জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের মদদে ২০০৫ সালে একযোগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। সেটি কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতাতেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। জোট সরকারের মদদে জঙ্গিবাদীরা দেশ ও দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। এজন্য মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সেই জঙ্গিবাদকে চিরতরে প্রত্যাখ্যান করেছে।

তিনি ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রঘুনাথবাজার মোড়ে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ওই কথা বলেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌরমেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু ও নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।









