টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শুক্রবার উত্তেজনাকর ম্যাচে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে কানাডা। এদিন নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ নিষ্পত্তি হয় টাইব্রেকারে। আর সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় কানাডা নারী ফুটবল দল।

কানাডা নারী ফুটবলে গত রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই ব্রাজিলকেই হারিয়েছিল তারা। এ নিয়ে পরপর দুই অলিম্পিকে কানাডার কাছে হারল ব্রাজিলের মেয়েরা।
এদিকে কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে অতিরিক্ত সময়ের গোলে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। অন্য দুই কোয়ার্টারে জয় পেয়েছে আমেরিকা ও সুইডেন। সেমিফাইনালে আমেরিকার বিপক্ষে লড়বে কানাডা আর সুইডেনের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।









