করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় শেরপুরে ৫৭ জনকে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ২৩ জুলাই শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর ও উপজেলার বিভিন্ন পয়েন্টে ৫৭ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকের মাধ্যমে পুরো জেলায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে। জেলার ৫টি উপজেলায় চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। তারপরও যারা সরকারি নির্দেশনা না মেনে সরকারের ডাকা লকডাউন অমান্য করে বিনা কারণে বের হচ্ছে, দোকানপাট খুলছে এবং স্বাস্থ্যবিধি মানছে না, তাদের জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।




