পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর সদর উপজেলার অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই রবিবার সকালে শহরের ঐতিহ্যবাহী জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সহায়তা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এদিন ২০২০-২১ অর্থবছরের বরাদ্দকৃত হুইপ আতিকের ঐচ্ছিক তহবিল থেকে ১৭৫ জন অসহায় নারী-পুরুষদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




