শেরপুরে আইনজীবীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ১ কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির স্থানীয় কল্যাণ তহবিল সমৃদ্ধকরণে অনুদানের ওই ১ কোটি টাকার চেক ১৮ জুলাই রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সমিতির কর্মকর্তাদের হাতে তুলে দেবেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের টানা পঞ্চমবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ১৭ জুলাই শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান আকন্দ। তার মতে, ঐতিহ্যবাহী এ সমিতির ইতিহাসে এটিই কোন সরকারপ্রধানের বৃহৎ আর্থিক বরাদ্দ।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী বলেন, জেলা আইনজীবী সমিতির স্থানীয় কল্যাণ তহবিল সমৃদ্ধকরণে হুইপ আতিক মহোদয়ের সুপারিশে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর করা আবেদনের প্রেক্ষিতে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ওই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি সাক্ষরিত বরাদ্দপত্রও আমরা পেয়েছি। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হুইপ আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপির প্রতি সমিতির তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




