নালিতাবাড়ীতে বিপদসীমার উপরে ভোগাই নদীর পানি, ঝিনাইগাতীতে কমছে উজানের পানি
চার দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদী, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী, ভোগাই নদী ও সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে। ১ জুলাই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভোগাই নদীর পানি বেড়ে নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানির তোড়ে উপজেলা সদর রক্ষা বাঁধ ভেঙে উজানের পানি নেমে গেলেও নিম্নাঞ্চলে প্রবেশ করায় নতুন করে ভাটি এলাকার মালিঝিকান্দা, হাতিবান্দা, গৌরীপুর ও নলকুড়া ইউনিয়নের ১০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়া শেরপুর সদর ও নালিতাবাড়ীতেও একইভাবে কিছু এলাকার পানি নেমে গেলেও নতুন করে ভাটি এলাকার আরও ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত দুদিনে ব্রহ্মপুত্র নদ ও চেল্লাখালী নদীর পানি বেড়েছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৪৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে, চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে উজানের পানি কমে যাওয়ায় বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বর ও সদর বাজারের পানি নেমে গেছে। এছাড়া উপজেলার নিমজ্জিত অধিকাংশ গ্রামের পানি কমেছে। তবে ওইসব এলাকার রাস্তাঘাট ও মাছের ঘেরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর নতুন করে প্লাবিত এলাকাগুলোতে পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় শেরপুর সদর উপজেলার কামারেরচর, চরমোচারিয়া, চরপক্ষীমারী ও বলাইয়েরচর ইউনিয়নের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। একই অবস্থা নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ভাটি সংলগ্ন কয়েকটি গ্রামেও।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, পাহাড়ি ঢলের ক্ষতি নিরূপণ করে ইতোমধ্যে পানিবন্দি পরিবারের জন্য বৃহস্পতিবার সকালে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। দ্রুত পানি নেমে গেলে বড় কোন ক্ষতির আশংকা নেই।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, উপজেলা পরিষদ চত্বর ও সদর বাজারের পানি নেমে যাওয়ার পাশাপাশি উজানের পানি কমে এসেছে। তবে ভাটি এলাকার কিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।









