শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অবস্থিত বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের নতুন নাম দেওয়া হয়েছে আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়। ২১ জুন সোমবার দুপুরে ওই নতুন নামকরণ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আমির আলী সরকারের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারিতেও দেশের উন্নয়ন থেমে নেই। তিনি স্কুল, কলেজ, রাস্তা-ঘাটগুলো পাকা করছেন, যেন দেশের মানুষের সুবিধা হয়। তিনি অসহায় ও ভূমিহীনদের বিনা পয়সায় পাকা ঘর করে দিয়েছেন, করেছেন বিদ্যুতের সু-ব্যবস্থা। যতদিন আওয়ামীলীগ সরকার আছে, ততদিন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
ওইসময় উপস্থিত ছিলেন বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমীর আলী সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোখলেসুর রহমান সেলিম।




