চালককে নেশা খাইয়ে ছিনিয়ে নেওয়া সেই অটোরিক্সা উদ্ধার
শেরপুরে অভিনব কায়দায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত এক মাসে শেরপুর সদর ও শ্রীবরদীসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০টি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের তৎপরতার আওতায় ইতোমধ্যে পৃথক দুটি ঘটনায় ওই ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ৩টি গাড়ি উদ্ধার হয়েছে। ওই ৩ গাড়ির মধ্যেই উদ্ধার হয়েছে নেশা খাইয়ে শহরের নওহাটা এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটিও। অন্যদিকে শ্রীবরদীর এক অটোরিক্সা চুরির মামলায় গ্রেফতারকৃত ২ যুবকের একদিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। ১৫ জুন মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম খান উভয় পক্ষের শুনানী শেষে মোমিন মিয়া ও আলম মিয়া নামে ২ জনের ওই রিমাণ্ড মঞ্জুরের আদেশ দেন।

জানা যায়, শেরপুর সদরসহ জেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায়, যাত্রীবেশে বা নেশাদ্রব্য সেবন করিয়ে বা অস্ত্রের মুখে নিরীহ চালকদের কাছ থেকে নতুন ব্যাটারিচালিত অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা কিছুদিন পরপরই ঘটছিল। এর মধ্যে গত ১ মাসে জেলায় এ ধরনের প্রায় ১০টি ছিনতাই/চুরির ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় গত ৮ জুন রাতে শহরের নওহাটা এলাকায় চালক হামের আলী (৫০) কে নেশা সেবনে টালমাটাল করে তাকে রিক্সা থেকে জোরপূর্বক রাস্তায় ফেলে দিয়ে তার অটোরিক্সাটি নিয়ে যায় যাত্রীবেশী ২ যুবক। এরপর ১২ জুন দুপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামের মাজেদুল হক (২২) তার মালিকানাধীন একটি মিশুক অটোরিক্সা বসতবাড়ির সম্মুখস্থ পাকা রাস্তায় রেখে বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে সুযোগ বুঝে দুর্বৃত্তরা সেটি চুরি করে নিয়ে যায়। এর পরপরই বিষয়টি টের পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বাজিতখিলা বাজারে চোরাই মিশুক অটোরিক্সাটিসহ ফরহাদ মিয়া (২৪) নামে এক চোরকে হাতেনাতে আটক করে জনতা। ওইসময় স্বপন মিয়া (২৬) নামে আরও এক চোর দৌড়ে পালিয়ে যায়। তারা দুজনই সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘুরাকান্দি গ্রামের অধিবাসী। ওইসময় খবর পেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফেরা হামের আলী বাজিতখিলা বাজারে গিয়ে আটক ফরহাদ মিয়াকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে ফরহাদ আলী উপস্থিত জনতার সামনে তার অটোরিক্সাটিও সঙ্গে স্বপন মিয়াকে নিয়ে ছিনতাইয়ের পর অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে। পরে খবর পেয়ে থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন ওই জায়গায় পৌঁছে উদ্ধার হওয়া অটোরিক্সাটিসহ ফরহাদ আলীকে থানায় নিয়ে যায়। আর ওই ঘটনায় নালিতাবাড়ীর মাজেদুল হক ও শেরপুর শহরের তাতালপুর এলাকার হামের আলী থানায় পৃথক অভিযোগ দায়ের করে। তবে হামের আলীর ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি হলেও পরদিন ১৩ জুন মাজেদুল হকের মামলায় আটক ফরহাদ মিয়াকে আদালতে সোপর্দ করা হয় এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অন্যদিকে তারও পরদিন অর্থাৎ ১৪ জুন বিকেলে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম কাজীরচর গ্রামে মোমিন মিয়া (৩২) এর বসতবাড়িতে একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিক্সাকে রঙ পরিবর্তন করে অটোরিক্সায় পরিণত করাকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে থানা পুলিশ খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩ চাকা ও ৪ ব্যাটারির একটি নতুন রিক্সা এবং রঙ পরিবর্তনের সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করে। তারা হচ্ছে গৃহকর্তা মোমিন মিয়া ও স্থানীয় রঙমিস্ত্রি আলম মিয়া (২৯)।
পরে মোমিন মিয়া দাবি করে অটোরিক্সাটি সে স্থানীয় কবির মিয়ার (২৫) কাছ থেকে ক্রয় করেছে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে কবির মিয়ার বাড়ি থেকেও আরেকটি মিশুক অটোরিক্সা উদ্ধার করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির মিয়া সটকে পড়ে। পরে আটক ২ জনকেসহ উদ্ধার হওয়া মিশুক অটোরিক্সা দুটি শ্রীবরদী থানায় নিয়ে গেলে খবর পেয়ে শেরপুর শহরে ছিনতাইয়ের শিকার হামের আলী থানায় পৌঁছে মোমিন মিয়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া অটোরিক্সাটি তার বলে শনাক্ত করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, কেবল অটোরিক্ত ছিনতাই নয়, যেকোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা তৎপর রয়েছি। আশা করছি অটোরিক্সা অন্যান্য সদস্যদেরকেও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। একই তথা জানিয়ে শ্রীবরদী ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এখানে অটোচুরি ও উদ্ধারের এক মামলায় দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামিসহ আরও যারা জড়িত থাকতে পারে তাদেরকেও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।




