শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের রাজনীতিতে ফের নয়া মেরুকরণ হয়েছে। ওই মেরুকরণের আওতায় এবার সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর মধ্যে ঐক্য এবং তার বহিঃপ্রকাশ হিসেবে উভয়ের কর্মী-সমর্থকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বাদশা-লেবু পরিষদ, নালিতাবাড়ীর ভবিষ্যৎ’ এ শ্লোগানে ৩০ মে রবিবার বিকেলে শহরের গড়কান্দা এলাকায় ওই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, সাবেক নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ওইসময় তারা নিজেদেরকে নালিতাবাড়ী এলাকার ভূমিপুত্র দাবি করে ভবিষ্যতে নির্বাচন ও দলীয় রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠাসহ বহিরাগতদের হঠাতে হুঙ্কার উচ্চারণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তারুজ্জামান, সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, আতিকুর রহমান মানিক, দেলোয়ার হোসেন রিপন, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বাদশা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নালিতাবাড়ী উপজেলার আওয়ামী লীগের রাজনীতির দুই নক্ষত্র ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও মানুষের ভাগ্য উন্নয়নে ও রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়েছেন। রাজনীতির এই অসময়ে আজ এই দুই নেতার ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যাতে কোন নব্য আওয়ামী লীগ সন্ত্রাসী, মাদকসেবী দলে না থাকতে পারে, সেই চেষ্টা আমরা করবো। সেইসাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। ওইসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।









