ক্লাব ফুটবলের সেরা সব ট্রফিই জিতেছেন তিনি, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন টানা ৩ বছর। কিন্তু জাতীয় দলের হয়ে তেমন অর্জন নেই করিম বেনজেমার। ফ্রান্স ২০১৮ ফিফা বিশ্বকাপ জিতলেও বেনজেমা ছিলেন না দলে। ছিলেন না ২০১৬ ইউরোর ফাইনালে ওঠা ফ্রান্স দলেও। এক সতীর্থকে ব্ল্যাকমেইলিংয়ে ফাঁসানোর অভিযোগে সেই ২০১৫ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে এ স্ট্রাইকার। তবে দীর্ঘ বিরতির পর আবারও ফ্রান্সের জার্সি গায়ে চড়ানোর সুযোগ এসেছে তার সামনে। আছেন ফ্রান্সের ইউরো স্কোয়াডে। ৩৩ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগাতে চান, শিরোপা জিততে চান জাতীয় দলের হয়ে।

বেনজেমা বলেন, ‘আমি ফ্রান্সের হয়ে একটা ট্রফি জিততে চাই।’ অন্যদের ক্ষেত্রে এতদিনে জাতীয় দলের আশা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলেও বেনজেমা নাকি কখনোই আশা ছাড়েননি। তবে গত সপ্তাহে দিদিয়ের দেশমের দল ঘোষণার সময় নিজের নাম দেখে কিছুটা হলেও ‘শকড’ হয়েছেন বলে জানান তিনি, ‘ওটা ছিল স্পেশাল মুহূর্ত। অন্য সবার মতো আমিও স্কোয়াডে নাম দেখার অপেক্ষায় ছিলাম, টিভির সামনে বসে ছিলাম। ব্যাপারটা যখন ঘটল, কিছুটা হলেও শকড হয়েছি।’









