‘রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো’ এ স্লোগানকে সামনে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২২ মে শনিবার সন্ধ্যা ৭টায় প্রথম আলো শেরপুর বন্ধুসভার আয়োজনে ডিসি উদ্যানের বিজয় মঞ্চে ওই কর্মসূচি পালন করা হয়।

শনিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ৩০ মিনিট স্থায়ী এই কর্মসূচিতে শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সহসভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক রবিন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক রজত সাহা, প্রচার সম্পাদক অহিদুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নকিব হাসানসহ সংগঠনের বন্ধুরা অংশ গ্রহণ করেন। শেষে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায় সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি শেষ করেন।




