পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের অন্যতম পরিচালক, মরহুম শিল্পপতি দানবীর আলহাজ্ব ইদ্রিস মিয়ার একমাত্র পুত্র তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের নিজ উদ্যোগে শেরপুরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও হতদরিদ্রদের মাঝে ১ হাজার ২শ প্যাকেট ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

১০ মে সোমবার শেরপুর শহরের দৃষ্টিনন্দন আলহাজ্ব বাবার আলী জামে মসজিদ, ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ, সাবরেজিস্ট্রি জামে মসজিদ, এটিআই জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ওই ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান নিজ হাতে শহরের নিউমার্কেট মোড়সহ বিভিন্ন স্থানে ২শতাধিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন।
জানা যায়, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর চেয়ারম্যান, শেরপুরের সদ্য প্রয়াত শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর আলহাজ্ব ইদ্রিস মিয়া প্রতি বছর রোজাদারের মাঝে ইফতার বিতরণ করতেন। এবার বাবার ধারাবাহিকতাকে ধরে রাখার লক্ষ্যে এবং মরহুম পিতার আত্মার মাগফেরাত কামনার জন্য তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান তার নিজ উদ্যোগে শেরপুরের বিভিন্ন মসজিদে ১ হাজার এবং শহরে রিক্সাওয়ালাসহ দরিদ্রদের মােট ২শ প্যাকেট ইফতারসামগ্রী বিতরণ করেন। ওইসময় গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান তার পিতা মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার জন্য শেরপুরের সকল-শ্রেণি পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।
বিভিন্ন মসজিদে মসজিদে ইফতার বিতরণকালে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের বিতরণ বিভাগের প্রধান লুৎফর রহমান ঠান্ডাসহ সংশ্লিষ্ট মসজিদের ঈমাম, সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।




