যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিট-১৯ থেকে সুরক্ষা পেতে টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে নাগরিক সংগঠন ’জনউদ্যোগ শেরপুর’। ২৩ এপ্রিল শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া কোচপল্লীতে ওই সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ। ওইসময় করোনা থেকে রক্ষায় মুখে মাস্ক ব্যবহার, হাতধোয়া, সামজিক দুরত্ব মেনে চলাসহ স্বাস্থ্য বিধি মেনে ও টিকা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।


জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, অধ্যাপক শিব শংকর কারুয়া, ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, কাটুনিস্ট সাইফুল ইসলাম শাহীন, শেরপুর জেলা কোচ আদিবাসী ইউনিয়ন সভাপতি রয়েল কোচ, শিক্ষক যুগল কিশোর কোচ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কোচ নারী-পুরুষরা করোনার টিকাগ্রহণে আগ্রহ প্রকাশ করে তাদের এলাকায় টিকাদান ক্যাম্প করার দাবি জানান।
সেইসাথে লকডাউনের এইসময়ে হাট-বাজারে যেতে না পারায় কর্মহীন অবস্থায় তারা মানবেতর জীবন-যাপন করছেন বলেও উল্লেখ করেন কোচপল্লীর বাসিন্দারা । তারা সরকারের নিকট সহযোগিতা কামনা করেন। পরে ৫০টি কোচ পরিবারের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি, শেরপুর উইমেন চেম্বার ও ইউরো ফার্মার সহায়তায় ৫০টি কোচ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান ও খাদ্য সহায়তা হিসেবে আটা বিতরন করা হয়।




