জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন মার্কিন ডলার আন্তর্জাতিক অর্থ সহায়তা পাওয়ার ব্যাপারে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জলবায়ু বিষয়ক ‘ভার্চুয়াল লিডার্স সামিটে’র প্রথম দিন শেষে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অর্থ কোনো সমস্যা নয়, বরং রাজনৈতিক প্রতিশ্রুতি পালনই বড় চ্যালেঞ্জ। এই সম্মেলনে উপস্থিতি রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে নতুন আশার জন্ম দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সম্মেলনে দেওয়া বক্তব্যে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নতদেশগুলোর পক্ষ থেকে প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছেন। তহবিলের বার্ষিক লক্ষ্যমাত্রা নিশ্চিত করার পাশাপাশি অর্থ ব্যবস্থাপনায় অভিযোজন ও প্রশমনের মধ্যে সমভাবে ভারসাম্য বজায় রাখার কথাও বলেছে। কারণ প্রশমন ছাড়া অভিযোজন কখনওই সুফল আনতে পারে না। বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু অভিযোজন এবং প্রতিকারের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় নেতৃত্বমূলক ভূমিকার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশ জলবায়ু অভিযোজন ও সহনশীলতা গঠনে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করে, যা আমাদের জিডিপির ২.৫ শতাংশ। এরমধ্যে মিয়ানমার থেকে আগত ১১ লক্ষাধিক রোহিঙ্গা জনগণের উপস্থিতি বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবগুলোকে আরও গভীর করে তুলেছে। এরপরও বাংলাদেশ একটি নিম্ন কার্বন উদ্গীরণকারী দেশ হিসাবে নিজেকে প্রস্তুত করতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিকারের জন্য আভ্যন্তরীণ নানা ক্ষেত্র যেমন- জ্বালানি, শিল্প, পরিবহন খাত প্রভৃতিকে এর আওতায় এনেছে। প্রধানমন্ত্রী সম্মেলনে আরও জানান, সরকার একটি উচ্চাকাঙ্ক্ষী এনডিসি (ন্যাশনাল ডিটারমাইন্ড কনট্রিবিউসন) আগামী জুনের মধ্যে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জলবায়ু সংকট নিরসনের ক্ষেত্রে এই লিডার্স সামিট একটি যুগান্তকারী অধ্যায়। কারণ জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থ প্রধান সমস্যা নয়। মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করাই বড় চ্যালেঞ্জ। এবারের সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতি এবং সম্মেলনে তাদের দেওয়া বক্তব্য সেই রাজনৈতিক প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে নতুন আশার জন্ম দিয়েছে।



















