করোনাকালীন সময়ে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। ১৪ এপ্রিল বুধবার থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামসহ ৬ রুটে আটটি বিশেষ ট্রেন চালু করা হবে।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।




















