পাবনার আটঘরিয়া থানার এসআই দুলাল হোসেন (৪৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। ২৭ মার্চ শনিবার রাত সাড়ে ১১টার দিকে থানা চত্ত্বরেই ওই দুর্ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে থানা ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সেইসঙ্গে থানা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের পাইপের সঙ্গে তার জড়িয়েও আলোকসজ্জা করা হয়েছিল। তিনি আরও জানান, কোনোভাবে তার লিকেজ হয়ে স্টিলের সেই পাইপ বিদ্যুতায়িত হয়। এসআই দুলাল রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই সেই পাইপটি হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




















