ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা মহামারিকালে ভারত ও বাংলাদেশে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ২৭ মার্চ শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। খবর এএনআইয়ের
নরেন্দ্র মোদি বলেন, আজ দুই দেশই একত্রে অত্যন্ত শক্তভাবে এই মহামারির বিরুদ্ধে লড়ছে। বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভারতে তৈরি টিকা বাংলাদেশের নাগরিকদের কাছে পৌঁছানোকে দায়িত্ব বিবেচনা করেই ভারত কাজ করছে।

তিনি বলেন, ‘ভারতের হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ ওড়াকান্দি এসে যেমন অনুভব করে আমিও ঠিক তেমন অনুভব করছি। এই পবিত্র দিনের অপেক্ষা আমার বহু দিনের। ২০১৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে আমি যখন বাংলাদেশে আসি তখনই আমি এখানে আসার ইচ্ছে পোষণ করেছিলাম। আমার সেই প্রত্যাশা ও কামনা আজ পূর্ণ হলো। আমি নিয়মিতভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের থেকে ভালোবাসা ও স্নেহ পেয়েছি।’
মোদি বলেন, ‘গতকাল ঢাকায় জাতীয় দিবসের অনুষ্ঠানের সময় আমি বাংলাদেশে সৌর্য, ক্ষমতা ও সংস্কৃতির অপূর্ব প্রদর্শন দেখি। যা আমাকে মুগ্ধ করেছে। আজ যেভাবে বাংলাদেশ-ভারতের সরকার দুই দেশের স্বাভাবিক সম্পর্ককে শক্তিশালী করছে সাংস্কৃতিকভাবে এই কাজই ঠাকুরবাড়ি ও শ্রী শ্রী হরিচাঁদ জি বহু দশক থেকে করে আসছে। এই স্থান বাংলাদেশ-ভারতের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। মনের সঙ্গে মনের সম্পর্ক।’
সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেন। এর আগে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
গোপালগঞ্জে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরা শ্যামনগরে যান। সেখানে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
























