রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাস রেপিড ট্রান্সিট প্রকল্পের ফ্লাইওভারের লাঞ্চিং গার্ডার ধসে চীনা নাগরিকসহ ৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন চীনা নাগরকি ও ৩ জন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে এভার কেয়ার হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিআরটি প্রজেক্টের চিফ কিউসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে এক্সপ্রেসওয়ে স্থাপনের কাজ চলছিল। সেই সময় সেটি ছুটে পড়ে যায়। তবে গার্ডারটি রাস্তার ওপরে না পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল কাঠামোর ওপরেই ঝুলে থাকতে দেখা যায়।

বিআরটি প্রকল্পের সড়ক ও জনপথ বিভাগের পিডি এএসএম ইলিয়াস শাহ বলেন, একটি ল্যাঞ্চারের সাহায্যে পিলারে গার্ডার বসানো হয়। সেই ল্যাঞ্চার সরে গিয়ে গার্ডারটি পড়ে গেছে। কারো অবহেলা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
প্রকল্পের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, সেখানে তাদের সবধরণের সতর্কতাই নেওয়া ছিল। বড় ধরণের প্রকল্পে এরকম দুর্ঘটনা ঘটেই পারে। তবে কেন এই দুর্ঘটনা ঘটলো, তা তদন্ত করার পরে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট একটি শব্দ শুনতে পেয়ে তারা এসে কয়েকজন মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা।



















