ads

মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় সংসদে প্রস্তাব প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৬২
বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় সংসদে প্রস্তাব প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন এবং তার দর্শনের ওপর আলোচনার জন্য সংসদে সাধারণ প্রস্তাব তুলেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর কর্মজীবনের ওপর ভাষণ দেন। সোমবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পর বৈঠকের কার্যক্রম শুরু হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রস্তাবটি তোলেন। এর পরই বিশেষ আলোচনা শুরু হয়। প্রস্তাব উত্থাপন করতে গিয়ে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে শেখ হাসিনা বলেন, সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় ইতিহাসের অনেক কথা সবার জানার একটা সুযোগ হয়েছে। তিনি বলেন, তার মৃত্যুর পর কত রকমের অপপ্রচার! কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকে সেই নাম (বঙ্গবন্ধু) আর কেউ মুছতে পারবে না।
সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ আলোচনার জন্য খোদ সংসদ নেতার প্রস্তাব তোলার নজির নিকট অতীতে নেই। সাধারণত জাতীয় সংসদের চিফ হুইপ বা সংসদের সিনিয়র কোনো সদস্য সাধারণ প্রস্তাব উত্থাপন করে থাকেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার মর্যাদার বিষয়টি বিবেচনায় এনে তারই কন্যা শেখ হাসিনা এবার প্রস্তাব তুললেন।

Shamol Bangla Ads

প্রস্তাবে বলা হয়েছে- সংসদের অভিমত এই যে, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, বাঙালির অবিসংবাদিত মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। জেল-জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু অন্যায়ের সঙ্গে কখনও আপস করেননি। ১৯৪৮ থেকে ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৫৪’র যুক্তফ্রন্ট গঠন, ১৯৬৬’র ছয় দফা, ১৯৬৮’র আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭০’র নির্বাচন- দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও আন্দোলনের পথ ধরে ১৯৭১-এর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। লাল-সবুজের পতাকা ও সংবিধান। স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার জন্য মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন তিনি। ২০২০ সালে জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মজীবন ও দর্শনের ওপর জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক।
প্রস্তাব তোলার সময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, তিনি সবসময় মানুষের কথা চিন্তা করতেন। মানবতার সেবা করার বিষয়টি তার ভেতরে সব থেকে বেশি দেখেছি। অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে বারবার জেল-জুলুমের শিকার হয়েছেন। সন্তান হিসেবে আমরা টানা দুই বছর বাবাকে পাইনি। দেখা করতে হয়েছে জেলখানায়। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। আমাদের দুর্ভাগ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট না হলে বাংলাদেশ বহু আগেই উন্নত দেশে পরিণত হতো।
বঙ্গবন্ধু হত্যাপরবর্তী বাংলাদেশের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘৭৫-এর ১৫ আগস্টের পর প্রচার নিষিদ্ধ ছিল। ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম সম্পূর্ণ মুছে ফেলা হয়েছিল। এত কষ্ট করে যিনি স্বাধীনতা এনে দিলেন, সেই দেশটাকে যখন গড়ে তুলছিলেন, দুর্ভাগ্য পঁচাত্তরে তাকে হত্যা করা হলো।
মুজিববর্ষ পালনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এটা সৌভাগ্য ২০২০ সাল আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই সংসদে আছি। আমাদের সৌভাগ্য আমরা মুজিববর্ষ উদযাপন করতে পারছি। মহামান্য রাষ্ট্রপতি চমৎকার ভাষণ দিয়েছেন। এর মাধ্যমে ইতিহাসের অনেক কথা সবার জানার একটা সুযোগ হয়েছে। আমাদের পরিবারের সব সদস্যকে হত্যার চেষ্টা হয়েছে। আমরা দুই বোন বিদেশে থাকার কারণে বেঁচে যাই। কিন্তু আমাদের দেশে ফিরতে বাধা দেয়। জনগণের কাছে কৃতজ্ঞ আমরা দেশে ফিরে এসেছি। আজকে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করছি, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা ২০২১ সালে উদযাপন করব। তিনি বলেন, জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু তার যে আদর্শ, তিনি যে কথাগুলো বলে গেছেন, তার প্রতিটি লাইন, প্রতিটি কথা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ; আমাদের জন্য কত শেখার।
সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকারপ্রধান সাক্ষাৎ করতে যান।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ ছাড়া তারা করোনাভাইরাস পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রপতি মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়ন ও অগ্রগতির পথে অব্যাহতভাবে এগিয়ে যাবে। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেস্টে দুই দশকে বাংলাদেশের যত অর্জন পরবর্তী সংবাদ আজ শহীদ নূর হোসেন দিবস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads