শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এখন লাইফ সাপোর্টে। ৭ নভেম্বর শনিবার রাজধানীর বেইলি রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের কাছে ওই কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাদের প্রতি কর্মীদের আস্থা নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কিছু নেই। কারণ তিনি হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির অভ্যুদয় এবং জিয়াউর রহমান আজকের এই দিনে প্রকৃতপক্ষে ক্ষমতা দখল করেছিলেন। বাংলাদেশে দিনের পর দিন কারফিউ দিয়ে রেখেছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার গঠন করা হয়েছে। অন্যদিকে বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক। তারা গত ১২ বছর ধরে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য অনেক কিছু করেছেন।




















