শ্যামলবাংলা ডেস্ক : পেঁয়াজ নিয়ে গতবছরের তিক্ত অভিজ্ঞতা ভোলেনি কেউ। নেতা-মন্ত্রীদের আশ্বাসে আশা ছিল এবার অন্তত নিয়ন্ত্রণে থাকবে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। কিন্তু ভারত রপ্তানি বন্ধ ঘোষণা করার দিনেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিলেন অসাধু ব্যবসায়ীরা। ৫০-৬০ টাকার পেঁয়াজ রাতারাতি হয়ে গেলো ৮০-১০০ টাকা। টিসিবির ট্রাকসেল ছাড়া ওই অযাচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত দেখা যায়নি সরকারি কোনো উদ্যোগ।

বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা মাত্রই ক্রেতারাও নড়েচড়ে বসতে থাকেন। গতবছর ৩শ টাকা পর্যন্ত পেঁয়াজ কিনে খেতে হয়েছে। তাই সময় থাকতে ক্রেতারা বাজারমুখী হন সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই। তিন থেকে ১০ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে দেখা যায় অনেক ক্রেতাকে। আর ওই সুযোগে বিক্রেতাও দাম বাড়িয়েছেন ধাপে ধাপে। রাত গড়াতেই ভারতীয় আমদানি করা পেঁয়াজের দাম ঠেকেছে ৫০ টাকা থেকে ৮০ টাকায়। আর দেশি পেঁয়াজ ৬০ থেকে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, সংকটের মধ্যে সবাই বেশি নিলে দাম বাড়বে স্বাভাবিক। আর ক্রেতার বলছেন, এখন পেঁয়াজ না নিলে দাম আরও বাড়িয়ে দেবেন বিক্রেতারা।
জানা গেছে, বর্তমানে এসব বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। বর্তমানে আমদানি করা পেঁয়াজ এসব বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।




















