শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণেই জিয়াউর রহমান খুনিদের দায়মুক্তির ব্যবস্থা করেছিলেন। ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষিত এই সত্যকে বিএনপি অস্বীকার করে কীভাবে? ২ সেপ্টেম্বর বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় তিনি ওই কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক, রশিদ ও মাজেদরা মিডিয়ায় নিজেদের সাক্ষাৎকারে বলেছেন। জিয়া এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলেই খুনিদের পুনর্বাসন ও বিচারকার্য বাধাগ্রস্ত করতে সংবিধানে ইনডেমনিটি অধ্যাদেশ পাস করেছিলেন।’

তিনি আরও বলেন, ”বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সেনাবাহিনীতে থাকা খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও হায়দারসহ অসংখ্য মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিককে নির্মমভাবে হত্যা করেন। গণতান্ত্রিক সংস্কৃতির প্রাণভোমরাকে আবদ্ধ করে সামরিক ছায়ায় ‘হ্যাঁ-না ভোটের’ ক্যানভাসে ১১০ ভাগ ভোটও জিয়াউর রহমান সেদিন পেয়েছিলেন। এটাই হচ্ছে তার বহুদলীয় গণতন্ত্রের নমুনা!”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই খুনিদের কারা নিরাপদে বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন? কারা বাংলাদেশের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন? যাতে খুনিদের বিচার না হয় সেজন্য মোশতাকের ইনডেমনিটি অধ্যাদেশকে সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিলেন কে? এর জবাব বিএনপি ও মির্জা ফখরুলদেরই দিতে হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘১৫ আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয়ে যায়। ইতিহাসের সত্যকে বিএনপির ভালো লাগে না। তবে একটা কথাই সত্য যে, সত্য জাতির কাছে চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। ১৫ আগস্টের খুনিদের এসব সুবিধা কে দিয়েছিলেন- বাংলাদেশের নতুন প্রজন্ম এর জবাব চায়।’
জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে হত্যা ও বিচারহীনতার রাজনীতি পরিপুষ্ট হয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার নীলনকশা হাওয়া ভবনে বসে করেন তারেক রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল এদেশের রাজনৈতিক সম্প্রীতি নষ্টের সর্বশেষ সংযোজন। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের রাজনৈতিক বন্ধনে বিএনপি উঁচু দেয়াল তুলেছিল। ২১ আগস্টের হামলার মধ্য দিয়ে তা আরও উঁচুতে উঠে যায়- এটাই সত্য।’




















