শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার বিকেল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
জানা যায়, গত দু’দিনে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ভেলুয়া ও খড়িয়াকাজীরচর ইউনিয়নের নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে চরশিমুলচুড়া, লক্ষীডাংগী, দষ্টিপাড়া, চাংপাড়া, তিনআনী ভেলুয়া, ভেলুয়া পশ্চিমপাড়া, মধ্যচকবন্দি, ঠনঠনিয়া, কাউনেরচর, চরপাড়া, ডাকড়াপাড়া, রুপারপাড়াা, ভাটিলংগড়পাড়া ও দীলিপেরবাড়ীসহ ২৫টি গ্রাম। বন্যার পানিতে ডুবে গেছে শিমুলচুড়া হতে টানা ব্রীজ সড়ক, বাকশাবাইদ হতে লক্ষীডাংগী সড়ক ও লক্ষ্মীডাংরী হতে শিমুলচুড়া সড়ক। এতে স্থানীয়ভাবে চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, মৎস্য খামার ও সবজী ক্ষেত। পানিবন্দি অনেকে মানবেতর জীবন যাপন করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, বন্যায় রোপা আমন ধানের ক্ষেত ১০০ হেক্টর, পাটক্ষেত ১৫ হেক্টর, আমন ধানের বীজতলা ২৫ হেক্টর ও সবজী ক্ষেত ২০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরোপন করা হয়নি। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। বন্যাদুর্গত এলাকাবাসী জানান, গত দু’দিন থেকে পানিবন্দি থাকলেও কেউ তাদের খোঁজ নেয়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যার্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









