স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রত্যয়ে যাত্রা শুরু হয়েছে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত আবেদীন হাসপাতালের।১৫ মে শুক্রবার বিকেলে শহরের নারায়ণপুরস্থ হাসপাতাল সড়কে নব-নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে ফিতা কেটে ওই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার, জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন (করবাহাদুর)। ওইসময় তিনি বলেন, জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আবেদীন হাসপাতাল বিশ্বখ্যাত জার্মানী সিমেন্স সিটিস্ক্যান মেশিনসহ অত্যাধুনিক সব যন্ত্রপাতি নিয়ে প্রতিষ্ঠিত। এটি শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার মানুষের উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ। এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট, নার্স এবং স্টাফগণ দিনরাত নিরলসভাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করে সেবা কার্যক্রম পরিচালনা করে যাবেন। এ হাসপাতাল থেকে এমন সেবা দেয়া হবে, যাতে করে শেরপুরের জটিল রোগীদের চিকিৎসা সেবা নিতে আর সুদূর রাজধানী ঢাকা ও ময়মনসিংহ যেতে না হয়। এতে করে মানুষের দুর্ভোগ ও ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ সংকটময়কালে সরকারি হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য স্টাফ ক্ষেত্র বিশেষ চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে এ মুর্হুতে আবেদীন হাসপাতাল মানুষকে স্বাস্থ্যসেবা দিতে অগ্রণী ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আবেদীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি মোঃ সাদুজ্জামান সাদী, জেএন্ডএস গ্রুপের পরিচালক ও তরুণ শিল্পপতি সাইফুল নাহী জিন্নুর সাকী, জেএন্ডএস গ্রুপ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সারওয়ার্দী মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









