ads

মঙ্গলবার , ৫ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাস ॥ আড়াই লাখ ছাড়াল মৃত্যুর সংখ্যা

খবর টি পড়েছেন : ১৩৬
করোনা ভাইরাস ॥ আড়াই লাখ ছাড়াল মৃত্যুর সংখ্যা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে ৮ দিনে আরও ৫০ হাজার মানুষ বিশ্ব থেকে হারিয়ে গেল। এর আগের ৫০ হাজারের মৃত্যুতে লেগেছিল ৭ দিন। ৪ মে সোমবার নাগাদ বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ ৭১ হাজার। আর সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৪৪ হাজার জন। মৃত্যুর মতো আক্রান্তের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মোট কোভিড-১৯ রোগীর প্রায় এক-তৃতীয়াংশই ওই দেশটির নাগরিক।

Shamol Bangla Ads

জনস হপকিন্স ইউনিভার্সিটির সোমবার রাতে হালনাগাদ করা তথ্য বলছে, বিশ্বে কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৩৪ জন। এই মৃত্যুর এক-চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ছাড়িয়েছে। এটা লাখ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা যায়, চীনে প্রাদুর্ভাবের ৯০ দিন পর গত ১০ এপ্রিল কোভিড-১৯ মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল। তার ৮ দিন পর ৫০ হাজার মানুষের মৃত্যু এই সংখ্যাকে দেড় লাখ ছাড়িয়ে নিয়ে যায়। তার পরের ৫০ হাজারের মৃত্যু ঘটতে সময় লেগেছিল সাত দিন। ইউরোপে পরিস্থিতির উন্নতির মধ্যে মৃতের সংখ্যা ২ লাখ থেকে আড়াই লাখে যেতে আগের চেয়ে একদিন বেশি সময় লাগল।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপর্যয়কর অবস্থা নিউ ইয়র্কে; শুধু এই শহরেই মৃতের সংখ্যা ১৯ হাজারের বেশি। নিউ ইয়র্কে রবিবার মৃত্যু ঘটেছে ২২৬ জনের, যা আগের দিনের চেয়ে ৫৪ জন কম। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারও কমে আসছে।

যে আড়াই লাখের মৃত্যু ঘটিয়েছে করোনাভাইরাস, তার অর্ধেকের বেশি মানুষ ইউরোপের। আর আক্রান্তের তুলনায় মৃত্যু এই মহাদেশের দেশেই বেশি। বেলজিয়ামে মৃত্যুর হার সবচেয়ে বেশি; সেখানে মোট আক্রান্তের ১৫ দশমিক ৭ শতাংশের মৃত্যু ঘটেছে।

তবে দেশটি এই সময়ে কোভিড-১৯ রোগের লক্ষণ নিয়ে মৃতদেরও তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বেলজিয়ামে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার জন, তার মধ্যে মারা গেছে ৭ হাজার ৮৪৪ জন। মৃতের সংখ্যায় ইউরোপে শীর্ষে রয়েছে ইতালি; দেশটিতে ২৯ হাজার জনের বেশি মারা গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১২ হাজার। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ইতালির পরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন অবধি প্রায় ২৯ হাজার জন মারা গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯১ হাজার।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই স্পেনের স্থান হলেও দেশটিতে মৃত যুক্তরাজ্যের চেয়ে কম। স্পেনে ২ লাখ ১৭ হাজার আক্রান্তের মধ্যে মারা গেছে ২৫ হাজার। এদিকে ফ্রান্সে মারা গেছে প্রায় ২৫ হাজার, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার। এছাড়া করোনা ভাইরাস মহামারীকে পাত্তা না দেওয়া প্রেসিডেন্ট জাইর বোলসোনারো দেশ ব্রাজিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। মৃতের সংখ্যায় বিশ্বে সপ্তম স্থানে এখন লাতিন আমেরিকার দেশটি; আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান নবম। ব্রাজিলে ১ লাখ ২ হাজার আক্রান্তের মধ্যে ৭ হাজার ২০০ জনের মৃত্যু ঘটেছে।

ব্রাজিলের পর নেদারল্যান্ডস, জার্মানি ও ইরানে ৫ হাজারের বেশি মৃত্যু ঘটেছে। চীনে মৃতের সংখ্যা এখনও ৪ হাজার ৬০০ জনের মধ্যে আটকে আছে।

এদিকে দক্ষিণ এশিয়ায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে। দেশটিতে আক্রান্ত ৪৬ হাজারের মধ্যে দেড় হাজারের মৃত্যু ঘটেছে। পাকিস্তানে ২১ হাজার আক্রান্তের মধ্যে মৃত্যু ঘটেছে ৪৭৬ জনের। বাংলাদেশে ১০ হাজার আক্রান্তের মধ্যে ১৮২ জন মারা গেছে।
আক্রান্ত ও মৃতের এই তালিকা শুধু যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন গবেষকরা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে মানবদেহে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়। তার প্রায় ১ মাস পর প্রথম মৃত্যুটি চীনে ঘটেছিল ১১ জানুয়ারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ মে পর্যন্ত সরকারি ছুটি পরবর্তী সংবাদ গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু, রেকর্ড…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads