শ্যামলবাংরা ডেস্ক ॥ করোনা ভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত গাজীপুর জেলাজুড়ে চলছে লকডাউন। জরুরি সেবা ও বিশেষ কিছু খাতের প্রতিষ্ঠান ছাড়া এখানকার সবকিছুই বন্ধ। বন্ধ রয়েছে গণপরিবহনও। করোনা ভাইরাসের সংক্রমণরোধে এভাবে সবকিছু বন্ধ থাকলেও শনিবার (২ মে) থেকে খুলছে পোশাকসহ বিভিন্ন শিল্পের কারখানা। এজন্য সামাজিক দূরত্ব বজায়ের সব নির্দেশনাকে
উপেক্ষা করে গাজীপুর ও ঢাকা অভিমুখে আসছেন হাজার হাজার শ্রমিক। বেশিরভাগ শ্রমিকই ‘চাকরি বাঁচাতে ফিরতে বাধ্য’ হচ্ছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। ১ ও ২ মে মহাসড়কের এমসি বাজার, নয়নপুর, স্কয়ার মাস্টার বাড়ি, মাওনা চৌরাস্তা, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টার বাড়ি ও জৈনাবাজার এলাকায় কারখানামুখী শ্রমিকদের ওই স্রোত বেশী লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে রাস্তায় টহলরত আইন-শৃঙ্খলা বাহিনী ওই পরিস্থিতি সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছিলো।
জানা যায়, করোনার বিস্তাররোধে সরকারি ছুটির সঙ্গে গত ২৫ মার্চ থেকে কারখানা বন্ধ হলে শিল্পাঞ্চলখ্যাত গাজীপুর থেকে প্রথমবার কয়েক লাখ শ্রমিক তাদের গ্রামের বাড়িতে ফিরে যান। কিন্তু এর কিছু দিনের মাথায় কারখানা খোলার খবরে ফের গাজীপুর অভিমুখে ছোটেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে, রিকশায়, খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে তুমুল ভোগান্তি সয়ে আসেন তারা। পরে কারখানা বন্ধের খবরে আবার সেই ভোগান্তি সয়েই অনেকে বাড়ি ফিরে যান। সবশেষ গত ২৫ এপ্রিলও শ্রমিকদের ঠিক একইরকম ভোগান্তি সয়ে গাজীপুরে ফিরতে দেখা যায়।
শুক্রবার ও শনিবারও একইভাবে মহাসড়কের বিভিন্ন এলাকায় কর্মস্থলমুখী শ্রমিকদের ঢল দেখা যায়। অনেককে দেখা যায় ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, অটোরিকশা, ভাড়ায়চালিত মোটরসাইকেল, সিএনজি ও ভ্যানগাড়িতে চড়ে ফিরতে। যদিও এজন্য কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। অবশ্য কিছু কিছু স্থানে শ্রমিকদের আটকাতে তৎপর দেখা যায় পুলিশকে। খোলা ট্রাক ও পিকআপে করে যারা ফিরছিলেন তাদের বিভিন্ন চেক পয়েন্টে আটকেও দেয় পুলিশ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারী শ্রমিকদের। অনেকে কোন দিকে যাবেন, সেই দ্বিধা-ধন্দে ক্ষোভ-হতাশা প্রকাশ করেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।
কারখানামুখী শ্রমিকদের ভাষ্যমতে, সামনে আসছে ঈদ। এখন চাকরিতে যোগদান না করলে বেতন পাওয়ার অনিশ্চয়তা তৈরি হবে। পড়তে হবে ছাঁটাইয়ের আশঙ্কায়। করোনা সংক্রমণের দিন শেষ হয়ে গেলে কর্মসংস্থানের সংকটও তৈরি হতে পারে। এজন্য এতো ঝুঁকি-এতো ভোগান্তি সত্ত্বেও তারা কাজে ফিরতে বাধ্য হচ্ছেন।
শেরপুরের নকলা উপজেলা থেকে টঙ্গীর গাজীপুরা এলাকার উদ্দেশে রওনা হয়েছেন শরিফুল ইসলাম। ওই এলাকার রফতানিমুখী এক শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। শরিফুল জানান, শুনেছি শনিবার থেকে কারখানা খুলবে। মহাসড়কে গাড়ি যে পাওয়া যাবে না তা আগে থেকেই ধারণা করেছিলাম। সেই ধারণা থেকে রাত ৩টার দিকেই সেহরি খেয়ে বাড়ি থেকে রওনা হয়েছি। বাড়ি থেকে কয়েক কিলোমিটার রাস্তা বাইসাইকেলে এলেও পরে রিকশা ও ভ্যানে করে অতিরিক্ত ভাড়ায় দুপুর ১টার দিকে মাওনা চৌরাস্তায় পৌঁছতে পেরেছি।
শ্রমিক শফিক মন্ডল জানান, ময়মনসিংহের বাইপাস মোড় থেকে প্রথমে একটি পিকআপে ওঠেন তিনি। কিছুদুর আসার পর ত্রিশাল চেকপোস্টে পিকআপ থেকে সব যাত্রীকে নামিয়ে দেয় পুলিশ। পরে সেই চেকপোস্ট পার হয়ে এগিয়ে আরেকটি গাড়িতে ওঠেন। কিন্তু ভালুকায় অপর একটি চেকপোস্টে গাড়ি আটকে তাদের নামিয়ে দেয় পুলিশ। ভালুকা থেকে পাঁচজনে মিলে জনপ্রতি আড়াইশ’ টাকা ভাড়ায় মাওনা চৌরাস্তা এসেছেন। এখন আবার বিকল্পভাবে কোনাবাড়ীর উদ্দেশে রওনা দেবেন।
এ ব্যাপারে গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, গাজীপুরে চলছে লকডাউন। বিভিন্ন দিক বিবেচনায় এরই মধ্যে জেলার শিল্প-কারখানাগুলো আগামীকাল (শনিবার) খোলা হচ্ছে। এক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কারখানাগুলোতে সামাজিক নিরাপত্তা মানা হচ্ছে কি-না তার প্রতিও বিশেষ নজরদারি রাখা হবে।




















